চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারি মিলনায়তনে প্রদর্শিত হয়েছে আলোকচিত্রী সৌরভ দাশের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী। দুই দিনব্যাপী এই প্রদর্শনীর নাম ‘দৃষ্টিতে সৃষ্টি’, যেখানে প্রদর্শিত হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী সৌরভ দাশের বাছাইকৃত আলোকচিত্র।

‎এই প্রদর্শনীর প্রতিটি ছবিতে রয়েছে গতি ও সময়ের ছাপ। ‘স্লো শাটার’ কৌশলের ভেতর দিয়ে সৌরভ দাশ ধরেছেন চলমান জীবনের অনির্দিষ্ট মুহূর্ত—যেখানে মানুষ কখনো স্পষ্ট, কখনো আলো-ছায়ার ভাঙনে বিমূর্ত হয়ে ওঠে অবয়ব। তার ছবিতে স্থবিরতার বদলে প্রবাহই মুখ্য; কোথাও মানুষের চলাচল রূপ নিয়েছে রঙের রেখায়, কোথাও আলো নিজেই হয়ে উঠেছে দৃশ্যের নায়ক।

‎প্রদর্শনী পরিদর্শন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চিত্রশিল্পী ও আলোকচিত্রী শোয়েব ফারুকী, বাফার সাবেক সহসভাপতি খায়রুল আলমসহ চট্টগ্রামের খ্যাতিমান শিল্পী, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা।

‎প্রদর্শনী উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় মতিউর রহমান বলেন, গত ১৫ বছর ধরে সৌরভ দাশ প্রথম আলোর সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাতিষ্ঠানিক আলোকচিত্র শিক্ষার মধ্য দিয়ে সাংবাদিকতায় এসে তিনি দীর্ঘ এই যাত্রায় তিনবার প্রথম আলোর সেরা আলোকচিত্রী নির্বাচিত হওয়ার পাশাপাশি অর্জন করেছেন আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতিও।

‎আলোচনা সভায় সাংবাদিক আবুল মোমেন বলেন, ফটোগ্রাফির উদ্ভব মানুষের দেখার অভ্যাসে মৌলিক পরিবর্তন এনেছে। উনবিংশ শতাব্দী থেকে ফটোগ্রাফি আমাদের গতি ও বাস্তবতাকে নতুনভাবে বুঝতে সহায়তা করেছে—যার ফলে আলো, সময় ও গতির ধারণা আরও স্পষ্ট হয়েছে।

‎নিজের অনুভূতির কথা জানিয়ে সৌরভ দাশ বলেন, “এই প্রদর্শনী শুধু ছবি দেখার জায়গা নয়; এটি দেখার দৃষ্টিকে প্রশ্ন করার এবং আলো ও সময়ের সঙ্গে মানুষের সম্পর্ক নতুনভাবে ভাবার এক নীরব শিল্পসম্ভাষণ।”