চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধর্মান্তর ও পারিবারিক মতের বাইরে বিবাহের ঘটনাকে কেন্দ্র করে এক মা আইনগতভাবে তার কন্যার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের শীলপাড়ার বাসিন্দা শিপ্রা শীল ও নিটু শীলের কন্যা জেমি শীল কেয়া গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বেচ্ছায় গৃহত্যাগ করেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে ‘মুনতাহা জান্নাত’ রাখেন এবং ইশতিয়াক কবির ইমরান নামের এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কন্যার এই সিদ্ধান্তে পরিবারের ধর্মীয় বিশ্বাস, সামাজিক অবস্থান ও পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন দাবি করে মা শিপ্রা শীল ৬ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম কোর্টহিলে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট/নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি হলফনামা দাখিল করেন।

৬৬৩/২০২৬ নম্বর ওই হলফনামায় তিনি উল্লেখ করেন, উক্ত তারিখ থেকে কন্যার সঙ্গে পরিবারের সকল প্রকার সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হলো। পাশাপাশি ভবিষ্যতে পরিবারের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির ওপর কন্যার কোনো ধরনের মালিকানা বা উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।