জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো দুটি শুভেচ্ছা ব্যানার খুলে ফেলার অভিযোগ উঠেছে। কে বা কারা ব্যানারগুলো সরিয়ে নিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানগুলোতে ব্যানার দুটি আর দেখা যাচ্ছে না। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ সূত্রে জানা যায়, আগামী ২৩ জানুয়ারি সরস্বতীপূজা উপলক্ষে ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা ব্যানার টানানো হয়েছিল। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং ব্যবসায় শিক্ষা অনুষদসংলগ্ন সড়কে টানানো দুটি ব্যানার মঙ্গলবার সকালে আর পাওয়া যায়নি। বিষয়টি সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কার্যালয় ও এস্টেট কার্যালয়ে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাশ বলেন,
“সরস্বতীপূজা উপলক্ষে আমরা শান্তিপূর্ণভাবে ব্যানার টানিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে সেগুলো কে বা কারা খুলে নিয়ে গেছে। আগের বছরেও এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সিসিটিভি সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মকর্তা আজ উপস্থিত না থাকায় ফুটেজ দেখানো সম্ভব হয়নি। আগামীকাল তিনি এলে ফুটেজ দেখানো হবে। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.