চ্যানেল ওম নিউজ ডেস্ক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপার ও চারটভাঙ্গা গ্রামের পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর পৌরসভার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডসংলগ্ন মাঠে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া ও শাম দাস এবং সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস, হরি দাস ও রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগেন্দ্র চন্দ্র দাস বলেন, আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে আমরা পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দিলাম। আমরা অঙ্গীকার করছি—শতভাগ ভোট ধানের শীষে দেব এবং প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করব।
‎অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল—
‎“হিন্দু-মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”