চ্যানেল ওম নিউজ ডেস্ক
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান। তিনি জানান, নিহত অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী ছিলেন এবং এলাকায় সনাতন সম্প্রদায়ের পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন।

গাইবান্ধা সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে জানান, “সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তাকে আঘাত করে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে।

নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।