কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী-এর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির প্রাঙ্গণে আজ রবিবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মৈনাক পাহাড়ের পাদদেশজুড়ে বসেছে ভক্ত-অনুরাগীদের মিলনমেলা।

প্রায় দুই শতাব্দীর বেশি সময় ধরে ‘আদিনাথ মেলা’ নামে পরিচিত এ আয়োজন প্রতিবছর ২ ফাল্গুন অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা এখানে সমবেত হন। শুধু দেশের বিভিন্ন প্রান্ত নয়, পার্শ্ববর্তী ভারত, নেপাল ও ভুটানসহ কয়েকটি দেশ থেকেও পূজারি ও পর্যটকের আগমন ঘটে।

ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মৈনাক পাহাড়ের চূড়া। মেলা প্রাঙ্গণে বসেছে নানা ধরনের দোকানপাট, ধর্মীয় সামগ্রী ও গ্রামীণ ঐতিহ্যের পসরা।

মেলা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নজরদারি জোরদার করা হয়েছে।

শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সুশৃঙ্খল পরিবেশে পূজা ও মেলা আয়োজন করা হয়েছে। ভক্তদের থাকার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ টিম সার্বক্ষণিক টহলে থাকবে। আগত পূজারি, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।