চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যমপাড়া উত্তরভূর্ষী শ্রীশ্রী হরি মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শ্রীগুরু পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, দীক্ষানুষ্ঠান এবং সর্বপ্রহরব্যাপী তারব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার (০৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) সকাল থেকে নামযজ্ঞের শুভ অধিবাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে।

২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার (০৭ ফাল্গুন) অনুষ্ঠিত হবে অখণ্ড নামসংকীর্তন, শ্রী রাধাগোবিন্দ ও গুরু পূজা, দীক্ষাদান, কীর্তনলীলা পরিবেশন এবং দিবাভাগে প্রসাদ বিতরণ।

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার (০৮ ফাল্গুন) নামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটবে।

মহোৎসবে প্রধান অতিথি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আয়োজক কমিটি সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে ধর্মীয় এই মহোৎসব সফল করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, উৎসবটি অনুষ্ঠিত হবে উত্তরভূর্ষী শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে, উত্তরভূর্ষী, মধ্যমপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম।