শপথ গ্রহণের দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। চা শ্রমিক অধ্যুষিত অঞ্চলের দীর্ঘদিনের দাবি অনুযায়ী হাতিমারা চা বাগানের জরাজীর্ণ নাট মন্দির সংস্কারের মধ্য দিয়ে তাঁর উদ্যোগের সূচনা হয়েছে। এ ঘোষণায় বাগানজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী হন সৈয়দ ফয়সল। ১৭ ফেব্রুয়ারি এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই হাতিমারা চা বাগানে নাট মন্দির সংস্কার কাজ শুরু হয়।
বাগানবাসী শেফালি মুন্ডা জানান, চা শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। সারাবছরই অভাব-অনটন লেগে থাকে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে অবহেলিত নাট মন্দিরের সংস্কার তাদের পক্ষে সম্ভব ছিল না। শপথের দিনই সংস্কার কাজ শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, এমপি সৈয়দ ফয়সলের হাত ধরে তাদের দুর্দিন কাটবে।
চা শ্রমিক নেতারা জানান, এমপি ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদের উদ্যোগে এ সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের আগে তিনি ২৮টি চা বাগানসহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেন। বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান, শিক্ষা ও ধর্মীয় স্থাপনার বেহাল অবস্থা দেখে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে নাট মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরে নাট মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নতুন গতি পাবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, নির্বাচনে বাগানের মানুষ সৈয়দ মো. ফয়সলকে ব্যাপক সমর্থন দিয়েছে। শপথের দিনই কাজ শুরু করে তিনি সেই আস্থার মর্যাদা দিয়েছেন।
এর আগে চন্ডিছড়া চা বাগানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এবার শুরু হলো নাট মন্দির সংস্কার।
এ বিষয়ে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। মাধবপুর-চুনারুঘাটের যেখানেই সুযোগ পাব, আন্তরিকতার সঙ্গে কাজ করব। নির্বাচিত এমপি সৈয়দ মো. ফয়সল শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.