চ্যানেল ওম নিউজ ডেস্ক

খুলনার পাইকগাছা উপজেলায় ভারতী মন্ডল নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ভারতী মন্ডল ওই গ্রামের বাসিন্দা এবং বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের একটি মাছের ঘেরে মরদেহ ফেলে রেখে যায়। রোববার সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘেরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার আমির হামজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।