চ্যানেল ওম নিউজ ডেস্ক
বরগুনার বেতাগী উপজেলায় সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের অন্তত ৯টি গুরুত্বপূর্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরু সংঘের মন্দিরে চুরি হয়। এর পরদিনই অবধূত মন্দিরে একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া পাঁচ দিন আগে বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি সর্বজনীন রাধাগোবিন্দ মন্দিরেও চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা রাধাকৃষ্ণের মূর্তি, কাঁসর-ঘণ্টা, ধূপদানের পাত্র, প্রদীপসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।
বেতাগী পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার বলেন, গভীর রাতে মন্দিরে ঢুকে চোরেরা দেব-দেবীর অলংকার, রাধাকৃষ্ণের মূর্তি, দানবাক্সের অর্থসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছে। অনেক ক্ষেত্রে দরজা-জানালা ভেঙে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
বাংলাদেশ সেবাশ্রমের বেতাগী শাখার সভাপতি অধ্যক্ষ (অব.) মনোরঞ্জন বড়াল জানান, পৌর শহরের কেন্দ্রস্থলেই এমন চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মন্দিরে চুরি কেবল সম্পদের ক্ষতি নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও আঘাত। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.