চ্যানেল ওম নিউজ ডেস্ক

শেরপুরের গোঁসাইপাড়ায় আসন্ন রামনবমী উৎসব ও হনুমান জয়ন্তী-২০২৬ উপলক্ষে ব্যাপক ধর্মীয় আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোঁসাইপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গামাতা ও গুন্ডিচা মন্দিরে আগামী ২৭ মার্চ, শুক্রবার (১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ) মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের পূজা, যজ্ঞ ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবকে ঘিরে ভক্তদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সকল ভক্ত-অনুরাগীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৭ মার্চ সকাল ১০টায় পুরোহিত বরণের মাধ্যমে পূজা শুরু ও রামচন্দ্রের জলভোগ অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ করা হবে। দুপুর ১টায় রাজভোগের পর যজ্ঞ অনুষ্ঠিত হবে। বিকাল ৬টায় মঙ্গলদীপ প্রজ্বলন শেষে বস্ত্র বিতরণ ও গীতা দান এবং সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি ও ধর্মীয় আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হবে।

২৮ মার্চ, শনিবার সকাল ১০টায় জলভোগ শেষে ঘট বিসর্জন অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কূপনের মাধ্যমে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৯ মার্চ, রবিবার বিকাল ৪টায় শেরপুর শহর প্রদক্ষিণ করে নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা উৎসবের অন্যতম আকর্ষণ।

পরবর্তীতে ৩১ মার্চ, মঙ্গলবার মহাবীর হনুমানজির পূজা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

গোঁসাইপাড়া পূজা উদযাপন কমিটি জানিয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণে অনুষ্ঠান সফল করে তোলাই তাদের মূল লক্ষ্য।