চ্যানেল ওম নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগরে ইছামতী নদীর তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় ৫৩২ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কালীপূজা। শেখরনগর ঋষি সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই পূজাকে ঘিরে দূরদূরান্ত থেকে ভক্তদের ব্যাপক সমাগম ঘটেছে।

পূজার কার্যক্রম রাতভর চলতে থাকে, যা ভোর ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর বুধবার ভোর ৫টা থেকে শুরু হবে পাঁঠা বলি, যা এই পূজার অন্যতম প্রধান আকর্ষণ। আয়োজকদের মতে, এবার তিন হাজারেরও বেশি পাঁঠা বলি দেওয়া হবে।

পূজাকে কেন্দ্র করে ইছামতীর পাড়ে বসেছে সপ্তাহব্যাপী মেলা। ইতোমধ্যে শতাধিক স্টল নিয়ে মেলা প্রাঙ্গণ জমে উঠেছে। গৃহস্থালি পণ্য, বাঁশ ও কাঠের তৈরি আসবাব, কুটির শিল্পের সামগ্রী, মিষ্টান্ন এবং প্রসাধনী দ্রব্যে সাজানো হয়েছে দোকানগুলো। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, হর্স রেসসহ নানা বিনোদনের আয়োজন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও সাধু-সন্ন্যাসীরা এ পূজায় অংশ নিতে এসেছেন। বাংলা ৯০১ সন থেকে ইছামতীর তীরে এই কালীপূজার প্রচলন রয়েছে।

শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, শতাব্দী প্রাচীন এই মেলা এ অঞ্চলের ঐতিহ্যের ধারক। এক দিনের পূজা হলেও মেলা চলে প্রায় এক সপ্তাহ।

পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস জানান, প্রতি বছর কালীপূজা ও মেলায় লাখো মানুষের সমাগম ঘটে। এবারও তার ব্যতিক্রম নয়।

এদিকে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সিরাজদীখান থানার ওসি এম এ হান্নান জানান, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুলিশসহ প্রায় ৩০০ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।