সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রী মদন গোপাল জিউর আখড়ায় মহাসমারোহে পালিত হলো মহাবলী হনুমান জয়ন্তী ২০২৬। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভক্ত এই আয়োজনে অংশ নিয়ে পূজাঙ্গনকে প্রাণবন্ত করে তুলেছেন।
এই বছরের প্রধান আকর্ষণ ছিল প্রায় ১৩ ফুট উচ্চতার বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ হনুমান প্রতিমা। পবনপুত্র, রামভক্ত ও সাহসের প্রতীক মহাবলী হনুমানের এই বিরাট রূপ ভক্তদের মধ্যে বিস্ময় ও ভক্তিভাব জাগিয়েছে।
ভোর থেকেই শুরু হয় পূজার্চনা, হনুমান চালিশা পাঠ, নামসংকীর্তন এবং ধর্মীয় আলোচনা। দিনভর ভক্তরা ভোগ নিবেদন, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনায় অংশ নেন। মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিমূলক সংগীত, কীর্তন এবং নানা ধর্মীয় আয়োজন, যা পুরো পরিবেশকে করেছে আধ্যাত্মিক আবেশে ভরপুর।
মহোৎসবের আয়োজন করে বৃহত্তর দাড়িয়াপাড়া শ্রীশ্রী হনুমানজী ভক্তবৃন্দ। আয়োজকদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করে না, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যেরও এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করে।