ফরিদপুরে ৫২তম বার্ষিক তারকব্রহ্ম মহানাম যজ্ঞ শুরু, ১৬ প্রহরব্যাপী সংকীর্তনে মুখর আশ্রম প্রাঙ্গণ
ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় অবস্থিত প্রভুপাদ দিনবন্ধু আশ্রমের সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। দেশ-মাতৃকা ও বিশ্বজননীর সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান চলবে। প্রতিদিনের কর্মসূচিতে রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মহানাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও কীর্তনশিল্পীরা অংশ নিচ্ছেন। রবিবার সন্ধ্যায় গীতা পাঠ করেন শ্রী নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সোমবার শ্রী চন্দন টিকাদার এবং মঙ্গলবার অধ্যাপক ডা. এ. সি. পাল গীতা পাঠ করেন।
বুধবার অরুণোদয় থেকে শুরু হয়ে ১৬ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনগুলোতে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, নগরপরিক্রমা, দধি মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি রয়েছে।
অনুষ্ঠানের শেষ দিনে কুষ্টিয়ার শিল্পী অশোক বিশ্বাস রামায়ণ গান পরিবেশন করবেন। এছাড়া সাভারের শ্রী হিমাংশু সিকদার, ফরিদপুরের শ্রী তন্ময় দাস এবং মানিকগঞ্জের শ্রীমতি অনিমা সরকার অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করছেন।
বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল কৃষ্ণভক্তকে মহানাম যজ্ঞে অংশগ্রহণ, নামসংকীর্তন শ্রবণ এবং মহাপ্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি ও সার্বিক কল্যাণ কামনায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.