চ্যানেল ওম নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ১ কোটি ৩০ লাখ টাকা করে এই অর্থ সহায়তা প্রদান করা হবে।

রাজধানীর মহাখালী এলাকার বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দির এই অনুদানের আওতায় আসছে।

সোমবার (৬ এপ্রিল) মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এ অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ ঢাকা মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা জানান, ঢাকা-১৭ আসনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাততলা বস্তি রোড উন্নয়ন, বিআরপির অভ্যন্তরীণ সড়ক ও খেলার মাঠ সংস্কার, এবং গুলশান-১ ও ২ নম্বর লেকের পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম।

প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি জানান, এসব উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হবে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন এগিয়ে নেওয়া হবে।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সকল ধর্মাবলম্বীর সমান উন্নয়ন নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলমান রয়েছে।