চ্যানেল ওম নিউজ ডেস্ক:

ঢাকার সাভার উপজেলার পৌর এলাকার নামাবাজার সংলগ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে আনুষ্ঠানিকভাবে এই ধ্যান মন্দিরের যাত্রা শুরু হয়।

ধ্যান মন্দিরটির উদ্যোক্তা, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল “তাজা খবর”-এর সম্পাদক ও প্রকাশক তপু ঘোষাল আশ্রম কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ভোর ৬টায় ধ্যানের মধ্য দিয়ে মন্দিরটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আশ্রম কমিটির সভাপতি বাবু বদ্যৈনাথ সাহা, সাধারণ সম্পাদক কাঞ্চন ঘোষ, সহ-সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিকাশ ঘোষ, সদস্য পলাশ সাহাসহ অন্যান্যরা।

উদ্বোধনকালে তপু ঘোষাল জানান, দীর্ঘদিন ধরে পঞ্চবটী আশ্রমের পুরোনো মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হচ্ছিল। তবে তিনি মন্দিরটি ভেঙে না ফেলে সংস্কার করে ধ্যান মন্দিরে রূপান্তরের উদ্যোগ নেন। পরবর্তীতে অনেকেই তার এই উদ্যোগে সমর্থন জানান। তিনি নিজ উদ্যোগে মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংস্কারের কাজ সম্পন্ন করেন।

তিনি আরও বলেন, ধ্যান মানুষের মনকে শান্ত, একাগ্র ও সচেতন করতে সহায়ক একটি প্রাচীন পদ্ধতি। এটি মানসিক চাপ কমায়, আত্মসচেতনতা বাড়ায় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। নিয়মিত ধ্যানের মাধ্যমে উদ্বেগ, বিষণ্ণতা ও অনিদ্রার মতো সমস্যাও কমানো সম্ভব। প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ মিনিট ধ্যান করার পরামর্শ দেন তিনি।

আশ্রম কমিটির সভাপতি বদ্যৈনাথ সাহা তপুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তার প্রচেষ্টায় সাভারের পঞ্চবটী আশ্রমে একটি ধ্যান মন্দির প্রতিষ্ঠিত হলো, যা সবার জন্য উপকারী হবে। তিনি নিজেও নিয়মিত ধ্যান করার আগ্রহ প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক কাঞ্চন ঘোষ বলেন, মানসিক প্রশান্তির জন্য ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এই ধ্যান মন্দিরটি সকল সনাতন ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রতিদিন দুই বেলা ধ্যানের জন্য খোলা থাকবে।

সহ-সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী বলেন, সাভারে একটি ধ্যান মন্দিরের প্রয়োজন ছিল, যা তপু ঘোষালের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। তিনি এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।