চ্যানেল ওম নিউজ ডেস্ক
ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রদীপ পাল (৪০)। তাকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে আটক করা হয়।
র্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর লালবাগ ক্যাম্প ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, প্রদীপ পাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জালালচর গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর পোস্ট দেন এবং পরে চাঁদা দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫, ২৬ ও ২৭ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৫ ধারায় রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটি পিবিআই ফরিদপুর তদন্ত করছে।
এর আগে গত ১৪ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম এলাকার শংকর কুমার পালের (৩৩) নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননাকর পোস্ট দেওয়া হয়। এতে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তারা জানায়, সাইবার অপরাধ, চাঁদাবাজি, প্রতারণা, অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.