চ্যানেল ওম নিউজ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত করা গেলে দেশে উগ্রবাদের কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি গড়ে দেয়, আর সেই ভিত্তিকে শক্তিশালী করতে শিক্ষাক্রমে সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার ও বিভিন্ন প্রতিযোগিতা চালুর লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা বিকাশে সহায়ক কার্যক্রমগুলোকে পাঠ্যক্রমে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংগীত, নাটক, বিতর্ক ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করে এবং তাদের মধ্যে সহনশীলতা, দলগত চেতনা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। এর ফলে উগ্র চিন্তার প্রতি ঝোঁক কমে আসে। তাই সংস্কৃতিচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সচেতন ও মানবিক প্রজন্ম গঠনের গুরুত্বপূর্ণ উপায়।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটি সৃজনশীল ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.