চ্যানেল ওম নিউজ ডেস্ক

উৎসবমুখর পরিবেশে নবনির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় মন্দিরের শুভারম্ভ ফলক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

উদ্বোধন শেষে উপাচার্য মন্দিরের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অসাম্প্রদায়িক চেতনার অন্যতম নিদর্শন; এখানে সব ধর্মের শিক্ষার্থীরা একসাথে বসবাস করে, যা সম্প্রীতির মেলবন্ধন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, সনাতন ধর্ম পরিষদ চবির সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রফেসর ড. দেবাশিস পালিত, প্রফেসর ড. অলক পাল, প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রফেসর ড. অনুপম দাশ গুপ্ত, অবসরপ্রাপ্ত প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. রঞ্জিত কুমার চৌধুরী, প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় এবং দাতা সদস্যদের মধ্যে অদুল কান্তি চৌধুরী ও অনিতা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শ্রীশ্রী চণ্ডীপাঠ, শতকণ্ঠে সমবেত শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাধুসঙ্গ ও সাধুসেবা। দুপুরে মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্মিত এই কেন্দ্রীয় মন্দির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।