সঞ্জয় দত্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক কেন্দ্রীয় মন্দির ও ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এছাড়া চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্দির নির্মাণে অর্থায়নকারী অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান শ্রীমতি অনিতা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় পূজা ও বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০টায় দ্বারোদ্ঘাটন, সাড়ে ১০টা থেকে অতিথিদের বক্তব্য, দুপুরে আপ্যায়ন এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চবি সনাতন ধর্ম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ জানান, এটি দেশের প্রথম ‘সরস্বতী জ্ঞান মন্দির’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম কেন্দ্রীয় মন্দির। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন সনাতনী শিক্ষক ও তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন, যাদের জন্য এই কেন্দ্রীয় মন্দির একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ২০১১ সালে সনাতন ধর্ম পরিষদের দাবির প্রেক্ষিতে উত্তর ক্যাম্পাস এলাকায় প্রায় ২০ হাজার বর্গফুট জমিতে কেন্দ্রীয় মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালে বিষয়টি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদন পায়। পরবর্তীতে অদুল-অনিতা ট্রাস্টের অর্থায়নে নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।