চ্যানেল ওম নিউজ ডেস্ক
দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায়-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্যামল বরন দাশ। ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক খাতে তাঁর রয়েছে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা।
দীর্ঘ কর্মজীবনে তিনি আধুনিক আর্থিক সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এমএফএস, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই সলিউশন, এজেন্ট ব্যাংকিং এবং কার্ড সার্ভিস—এসব খাতে তাঁর কাজের অভিজ্ঞতা সমৃদ্ধ ও সফল।
উপায়-এ যোগদানের আগে তিনি দেশের বিভিন্ন শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে নগদ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা, ব্র্যাক ব্যাংক-এর প্রধান ডিজিটাল কর্মকর্তা এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড-এর সিইও পদ। নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি ও দক্ষ টিম গঠনে তাঁর বিশেষ সাফল্য রয়েছে।
শিক্ষাজীবনে তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি, কর্নেল বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের বিভিন্ন পেশাগত ডিগ্রি ও সনদও অর্জন করেছেন।
উপায়-এর পরিচালনা পর্ষদ তাঁকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং গ্রাহকদের জন্য আরও আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে পারবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.