চ্যানেল ওম নিউজ ডেস্ক

গত ২৪ এপ্রিল শুক্রবার কক্সবাজারের খুরুশকুলে পুরোহিত নয়ন সাধুকে গুম করে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। একইসঙ্গে তারা দিপু চন্দ্র দাস হত্যার বিচার, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানায়।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতারা অভিযোগ করেন, দেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর ও মিথ্যা মামলার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের নির্বাহী সভাপতি অনুপ কুমার দত্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন কবি ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, প্রণবানন্দ মহারাজ, সন্তোষ চন্দ্র দাস, প্রাণতোষ তালুকদার, উত্তম কুমার দাস, টনি মল্লিক, সুবীর কান্তি ধর, ডা. রামপ্রসাদ দেবনাথ, রঞ্জন গোস্বামী, অ্যাডভোকেট লিটন বনিক, কল্পনা তালুকদার, উমা দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা— সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব সরকার, সাধারণ সম্পাদক দীপংকর শীল, বিশ্ব হিন্দু ফেডারেশনের মানস ঘোষ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নয়ন সাধু হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে। পাশাপাশি, সনাতনী সম্প্রদায়ের ‘৮ দফা’ দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানান তারা।

সমাবেশে আরও বলা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন জরুরি এবং এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।

শেষে বক্তারা সরকারের সাম্প্রতিক কিছু উদ্যোগকে স্বাগত জানালেও সংখ্যালঘুদের জানমাল রক্ষায় কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।