চ্যানেল ওম নিউজ ডেস্ক

কক্সবাজারে পুরোহিত নয়ন সাধুকে পুড়িয়ে হত্যার অভিযোগ এবং দেশের বিভিন্ন স্থানে মন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর, জমি দখল ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর এবং সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, জেলা বিএনপির সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস এবং জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রা সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নয়ন সাধুকে হত্যার ঘটনাটি অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার পরম চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত নয়ন দাস নিখোঁজ হন। পরদিন তাঁর পরিবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ২২ এপ্রিল বিকেলে মন্দিরসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।