চ্যানেল ওম নিউজ ডেস্ক

ক্রিকেট দুনিয়ায় নতুন আলোচিত নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই তার ব্যাটিং নৈপুণ্য নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে আলাদা করে তুলেছেন এই তরুণ ব্যাটার।

ক্যারিয়ারের প্রথম ২৬টি টি-টোয়েন্টি ম্যাচেই করেছেন ৪টি সেঞ্চুরি—যা যে কোনো ব্যাটারের জন্যই অসাধারণ অর্জন। এমন দারুণ পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয় নানা আলোচনা। এর মধ্যে ছড়িয়ে পড়ে মজার এক গুঞ্জন—তার ব্যাটে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো চিপ বসানো আছে!

এই প্রসঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে সূর্যবংশী হাস্যরসের ছলে বলেন, “ভগবানই লাগিয়ে দিয়েছেন। ওপর থেকে তিনি বলে দিয়েছেন, তোমার ব্যাটে কিছু একটা সেট করে দিচ্ছি—আমি শুধু সেটারই ব্যবহার করছি।”

মূলত তার ধারাবাহিক ব্যাটিং সাফল্য থেকেই এমন রসিকতা শুরু। সম্প্রতি পাকিস্তানের একটি ক্রীড়া অনুষ্ঠানের উপস্থাপকও মজা করে প্রশ্ন তোলেন—তার ব্যাটে সত্যিই কিছু আছে কি না। এমনকি রসিকতা করে বলেন, প্রয়োজনে তার ব্যাট গবেষণাগারে পরীক্ষা করা উচিত।

গত সপ্তাহে হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করার পর এই আলোচনা আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে আছেন সূর্যবংশী। ২০ বছরে পা রাখার আগেই স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৯৯—যা এই বয়সে সর্বোচ্চ। এই তালিকায় তার পরেই রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ডেওয়াল্ড ব্রেভিস।

এছাড়া, সবচেয়ে কম বয়সে ও কম বল খেলে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন এই বিস্ময় বালক।