ফটিকছড়িতে গৃহহীন পরিবারের মুখে হাসি, নতুন গৃহ হস্তান্তর করল ‘সনাতনী মুচকি হাসি পরিবার’
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারমাসিয়া দক্ষিণ হিন্দুপাড়ায় একটি মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সনাতনী মুচকি হাসি পরিবার’। সংগঠনটির অর্থায়নে নির্মিত নতুন একটি বাড়ির উদ্বোধন ও গৃহপ্রবেশ অনুষ্ঠান শুক্রবার (১ মে) সম্পন্ন হয়েছে।
স্থানীয় স্বর্গীয় পরিতোষ দে’র অসচ্ছল পরিবারের জন্য নিরাপদ বসবাসের ব্যবস্থা করতেই এই গৃহনির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন বাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ আশীর্বাদক হিসেবে ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। তিনি গৃহের কল্যাণ কামনায় প্রার্থনা ও আশীর্বাদ প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন সেবা সংঘের সভাপতি ডাঃ মিল্টন দে ছোটন, সাধারণ সম্পাদক শিক্ষক বাবলা কুমার দে এবং সদস্য মিথুন ধর ও সুব্রত দে শুভ। শ্রী অন্তু দাশগুপ্তের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের অন্যতম সংগঠক অপু দাশসহ ঝোটন নন্দী, দুর্জয় পাল, রনি নাথ, মিশু দে, জয় শীল, শুভ দেব, জয় দেব, পূজন পাল ও নিলয় দাশ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে স্বস্তি ও হাসি ফিরিয়ে আনাই সংগঠনের প্রধান উদ্দেশ্য। একটি গৃহহীন পরিবারের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা উপকারভোগী পরিবারের হাতে নতুন গৃহের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.