চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকার নেহালপুরে অবস্থিত শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম প্রাঙ্গণে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ, যিনি শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ। তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্নাইন কমিটির সভাপতি অপুর্ব কুমার ভট্টাচার্য এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক ও ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শেষে নতুন ভবনের সফল নির্মাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।