চ্যানেল ওম নিউজ ডেস্ক

সিলেটে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি ও মাতৃ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেন, বাংলাদেশ প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ ধরনের আয়োজন ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে এমন মানবিক বন্ধন সৃষ্টি অত্যন্ত জরুরি। একটি সুন্দর ও স্থিতিশীল সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

শুক্রবার (১ মে) বিকেলে সিলেট নগরীর দরগাগেইস্থ মুসলিম সাহিত্য সংসদ হলরুমে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচজন মাকে ‘মাতৃ সম্মাননা’ প্রদান করা হয়।

এবারের বুদ্ধ পূর্ণিমার প্রতিপাদ্য ছিল— “জাতি-ধর্ম নির্বিশেষে অহিংসা, মৈত্রী ও সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বশান্তি কামনায়”।

কুমিল্লার লাকসাম উপজেলার দুপচর তক্ষশিলা বৌদ্ধ বিহারের প্রজ্ঞা ভদ্রের সভাপতিত্বে এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা (পিপিএম-সেবা), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর-প্রশাসন) সুদীপ্ত রায়, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, ব্যবসায়ী নেতা আলহাজ্ব কাপ্তান হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কল্যাণ ফ্রন্ট, অনলাইন প্রেসক্লাব, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া। আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি তপতী বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া এবং সাংবাদিক আমীর হোসেন সোহাগ।

অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মদেশনার আয়োজন করা হয়। ধর্মদেশনা প্রদান করেন রংপুর পীরগঞ্জ সাহাপুর মহাবন বৌদ্ধ বিহার ও তপোবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু।

বিকেলে অনুষ্ঠিত সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালিতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।