চ্যানেল ওম নিউজ ডেস্ক

ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে দলটি ব্যাপক লুটপাটে জড়িয়েছে এবং বর্তমান ফলাফল তাদের সেই কর্মকাণ্ডেরই প্রতিফলন। এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

হুমায়ুন বলেন, তৃণমূলের পরাজয় নিয়ে বলার কিছু নেই—যা ঘটছে, সেটাই হওয়া উচিত ছিল। তিনি আরও দাবি করেন, মমতা ব্যানার্জি টানা তিনবার মুখ্যমন্ত্রী থাকার সময় তার ভাইয়ের ছেলেকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছেন। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তিনি। তার ভাষায়, ব্রিটিশরা ১০০-২০০ বছরে যত লুট করেছে, তৃণমূল ১৫ বছরেই তা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকে তিনি অভিনন্দন জানান, যারা ভোটের মাধ্যমে এর জবাব দিয়েছেন।

এর আগে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হুমায়ুন কবির। এবার তিনি মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা আসন থেকে জয়ের পথে রয়েছেন।

উল্লেখ্য, বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার জেরে তাকে গত বছরই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর তিনি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরবর্তীতে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন একটি দল গঠন করেন।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়। সেই ঘটনাকে স্মরণ করেই একই দিনে মুর্শিদাবাদে নতুন মসজিদের নির্মাণকাজ শুরু করেন হুমায়ুন কবির।