চ্যানেল ওম নিউজ ডেস্ক
অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।
তিনি জানান, পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য এখন পর্যন্ত ২ হাজার ৮৬২টি নথি তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক মামলাই পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে। দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে ভারত।
রনধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে দুই দেশের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো দেশের নাগরিককে ফেরত পাঠানো দিল্লির নীতির অংশ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এসব নদী নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক ও সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো বিদ্যমান আছে। সেই ব্যবস্থার মাধ্যমেই পানি–সংক্রান্ত বিভিন্ন ইস্যুর সমাধানে আলোচনা চলছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.