চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের সাংস্কৃতিক আবহে ভক্তিমূলক সংগীতকে নতুনভাবে তুলে ধরতে আত্মপ্রকাশ করেছে সনাতনী ফোকভিত্তিক ব্যান্ড ‘ত্রিলোকেশ্বর’। গত বছরের ২০ অক্টোবর পটিয়া উপজেলার পূর্ব ভাটিখাইন সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজামণ্ডপে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। বর্তমানে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকাকে কেন্দ্র করে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্যান্ডটির সদস্যদের মতে, সাম্প্রতিক সময়ে পূজা মণ্ডপ ও ধর্মীয় আয়োজনে আধ্যাত্মিক ও ভক্তিমূলক সংস্কৃতির চর্চা আগের তুলনায় কমে এসেছে। সেই শূন্যতা পূরণে লোকসংগীত, ভক্তিগীতি ও ধর্মীয় আবহকে কেন্দ্র করে কাজ করছে ‘ত্রিলোকেশ্বর’। তাদের লক্ষ্য সনাতন ধর্মের চেতনা ও ঐতিহ্যকে সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
ব্যান্ডটির লিড ও অ্যাডমিন প্রীতম শীল বলেন, “ভক্তিমূলক গান শুধু বিনোদনের বিষয় নয়, এটি আত্মিক চর্চারও অংশ। আমরা চাই পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় আবহ বজায় থাকুক এবং মানুষ সংগীতের মাধ্যমে সনাতন ধর্মের সৌন্দর্য উপলব্ধি করুক।”
দলটির নাম ও লোগোতেও রাখা হয়েছে ধর্মীয় প্রতীকের বিশেষ ছাপ। ব্যান্ড সদস্যরা জানান, লোগোতে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ভাবধারা প্রতিফলিত হয়েছে। পদ্মচক্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের প্রতীকী উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি মহাদেব শিব ও শ্রীরামচন্দ্রের পরমভক্ত হনুমানের প্রতীকী উপস্থিতিও এতে যুক্ত করা হয়েছে। তাদের ভাষায়, “ত্রিলোকেশ্বর নামটি মূলত বিষ্ণু ও শিবের ঐক্যবদ্ধ আধ্যাত্মিক ভাবনার বহিঃপ্রকাশ।”
ব্যান্ডটির অন্যান্য সদস্যরা হলেন আনন্দ দে (ভোকাল), রিপন দেব (কীবোর্ড), ইমন তালুকদার (বাঁশি), শাওন সেন (ড্রামস), সৌরভ দাশগুপ্ত (গিটার), নয়ন আচার্য (জোড়খাই/ঢোলক), মিলু দাশ (মৃদঙ্গ) এবং আকাশ দাশ (জোড়খাই)। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আকাশ মিত্র।
ত্রিলোকেশ্বরের সদস্যরা মনে করেন, বর্তমান বিশ্বে সনাতন ধর্মের মূল দর্শন ও মূল্যবোধ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রচার অত্যন্ত জরুরি। তাদের মতে, ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও গীতা পাঠের চর্চা বাড়ানো প্রয়োজন, যাতে নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, ভক্তিমূলক সংগীতের মাধ্যমে দেশ-বিদেশে সনাতন ধর্মের চিরন্তন বার্তা পৌঁছে দিতে তারা কাজ করে যেতে চান। এ পথচলায় সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন তারা।
বাংলাদেশ
ভক্তিমূলক সংগীতের সুরে সনাতনী সংস্কৃতি রক্ষার প্রত্যয়ে ‘ত্রিলোকেশ্বর’
May 13, 2026
32 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.