চ্যানেল ওম নিউজ ডেস্ক
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তাঁর স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী শিশুসন্তান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় আসেন।
তিনি আরও জানান, মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। পাশের একটি কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তাঁর ফোনকল পেয়েই পুলিশ সেখানে যায়।
ওসি বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।
পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.