চ্যানেল ওম নিউজ ডেস্ক
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস (২৭) কে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার বিকেলে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ত্রিশালের তাজমুল সরকার ওরফে সাদেক (২২), কিশোরগঞ্জের রুবেল মিয়া (৩৬) এবং নারায়ণগঞ্জের মো. রবিন (৩৭)। তারা সবাই ওই কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়। সেই ধারাবাহিকতায় এই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। তারা উত্তেজিত জনতাকে উসকে দিয়ে দীপু চন্দ্র দাসকে মারধর ও তার মরদেহে অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন। পাশাপাশি কারখানার শ্রমিকদের স্লোগানের মাধ্যমে উত্তেজিত করে পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তোলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.