চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া ফেলে না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য অপর্ণা খাস্তগীর (৫৫)। রোববার (১৭ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত জটিলতা বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অপর্ণা খাস্তগীরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে। তাঁর বাবা ডা. মনীন্দ্র লাল খাস্তগীর ছিলেন নগরের চন্দনপুরা এলাকার সুপরিচিত চিকিৎসক ও বিচিত্রা ফার্মেসির মালিক। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং নগরের আসকার দীঘি এলাকায় বোনের সঙ্গে বসবাস করতেন।
১৯৯১ সালে সাংবাদিকতা পেশায় যাত্রা শুরু করেন অপর্ণা খাস্তগীর। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক পিপলস ভিউ, দৈনিক বাংলাদেশের স্বাধীনতা, দৈনিক শাহ আমানত ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে নারী সাংবাদিক হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা লাভ করেন তিনি। চ্যানেল ওম।
পাশাপাশি তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সুপ্রভাত বাংলাদেশ ইউনিটের ডেপুটি ইন-চার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.