চ্যানেল ওম নিউজ ডেস্ক
বরগুনায় দুই শিশুকন্যাসহ তিন সনাতনী নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানান।
নিহত ইতি রানী সরকারি ডাকবাংলোতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন তিনি তাঁর দুই কন্যা সন্তানকে নিয়ে শহরের উপকণ্ঠের ভূতমারা এলাকায় বোনের বাসায় যাওয়ার কথা ছিল। তবে এর আগে ডাকবাংলোর একটি কক্ষ পরিষ্কার করার জন্য তাঁকে ডাকা হয়েছিল বলে স্বজনদের দাবি।
ঘটনার পর প্রকাশিত সিসিটিভি ফুটেজ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুরো দিনের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টার ফুটেজ প্রকাশ করা হয়েছে। তারা সম্পূর্ণ ফুটেজ পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ইতি রানীর কোনো ঋণজনিত চাপ, পারিবারিক বিরোধ বা এমন কোনো পরিচিত কারণ ছিল না, যা তাকে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্কও স্বাভাবিক ছিল বলে তারা দাবি করেন। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভুক্তভোগীরা শ্রমজীবী সনাতনী পরিবারের সদস্য হওয়ায় ঘটনাটির তদন্তে এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বক্তারা বলেন, এই তিনটি মৃত্যুর প্রকৃত কারণ কী—এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল—সেটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। তারা আরও প্রশ্ন তোলেন, আত্মহত্যার ঘটনা হলে সরকারি ডাকবাংলোকে কেন বেছে নেওয়া হলো এবং দুর্ঘটনা হলে মা ও দুই মেয়ের মরদেহ পৃথক দুটি কক্ষ থেকে উদ্ধারের কারণ কী।
মানববন্ধন থেকে গুজব ও অনুমাননির্ভর বক্তব্য পরিহার করে দ্রুত সত্য উদ্ঘাটন, দোষীদের শনাক্তকরণ এবং অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
“গুজব নয়, চাই সত্যের উন্মোচন; রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক”—এ দাবিতেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
অপরাধ
বরগুনায় তিন সনাতনী নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সত্য উদ্ঘাটন ও বিচার দাবিতে মানববন্ধন
June 5, 2026
41 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.