ভারতের বেঙ্গালুরুতে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও মায়ের পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ মার্চ শিশুটি ভেন্নিলার মৃত্যু হয়। প্রায় তিন মাস পর বিষয়টি প্রকাশ্যে আসে, যখন শিশুটির বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, শিশুটির বাবা প্রবীণ দাবি করেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার প্রেমিক মোহন ভেন্নিলার মৃত্যুর জন্য দায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, দাভানাগেরের বাসিন্দা প্রবীণ ২০০৭ সালে প্রিয়াঙ্কাকে বিয়ে করেন। দম্পতির ১৭ ও ৫ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।
তদন্তে উঠে এসেছে, কয়েক বছর আগে প্রিয়াঙ্কা তার কলেজের বন্ধু মোহনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করেন। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা একসঙ্গে বসবাস শুরু করেন।
দাম্পত্য কলহের জেরে প্রিয়াঙ্কা একাধিকবার বিবাহবিচ্ছেদের দাবি তোলেন এবং পরে ছোট মেয়ে ভেন্নিলাকে নিয়ে মোহনের সঙ্গে বসবাস করতে শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ মোহনকে গ্রেপ্তার করেছে। তবে শিশুটির মা প্রিয়াঙ্কা এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.