বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শ্রী শ্রী জ্বালা কুমারী গীতা শিক্ষালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ বলেন, “নিষ্কাম কর্মের মধ্য দিয়েই মানুষ প্রকৃত সুখ, শান্তি ও আত্মতৃপ্তি লাভ করতে পারে। জ্ঞানকে সঠিকভাবে পরিচালনা করলেই আত্মাকে পরমাত্মায় নিমজ্জিত করা সম্ভব। নতুন প্রজন্মকে শৈশব থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিতে হবে। তাহলে ভবিষ্যতে সমাজ ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তা অনেকাংশে কমে যাবে।”

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন শাখার সভাপতি দিলীপ দাশ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চিত্ত দাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় দীপালী দাশ-এর গীতা পাঠের মাধ্যমে।

অনুষ্ঠানে শিক্ষালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাগীশিক বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক সুমন কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি পোপন দাশ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক রুপন দাশ। এছাড়াও বক্তব্য রাখেন ঝুন্টু দাশ, শিক্ষক দীপক চক্রবর্তী, রানা দাশ, রানা ভক্ত, শাকপুরা ইউনিয়নের সভাপতি অধীর দাশ, পোপাদিয়া ইউনিয়নের সভাপতি শুভ দাশ এবং সারোয়াতলী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি আইচসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের হাতে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেওয়া হয়। নতুন এই গীতা শিক্ষালয়ের মাধ্যমে এলাকার শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।