পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভাঙার হুমকি ও ছবি অবমাননার ঘটনায় ইসকন বাংলাদেশের তীব্র প্রতিবাদ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে নির্মাণাধীন মর্যাদাপুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভাঙচুর এবং তাঁর ছবি অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ।
রবিবার (১৫ জুন) ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বড়ুয়া স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, পলাশবাড়ীর রাধা-গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে ফেলা এবং একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মিছিলে তাঁর ছবিতে জুতাপেটা করার মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী। চ্যানেল ওম।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরিকল্পিতভাবে একটি বিশেষ মহল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করছে এবং এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করছে।
ইসকন বাংলাদেশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি দেশের সকল উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। চ্যানেল ওম।
প্রতিবাদলিপিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইসকন বাংলাদেশ আশা প্রকাশ করে যে, সরকার ও প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.