চ্যানেল ওম নিউজ ডেস্ক

ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননাকর বক্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার প্রতিবাদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে একবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ।

রবিবার (২১ জুন) সংগঠনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট প্রেরিত স্মারকলিপিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ভগবান শ্রী রাম ও ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভগবান শ্রী রামচন্দ্র সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রদ্ধেয় আরাধ্য। তাঁর বিরুদ্ধে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য কোটি কোটি ভক্তের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করেছে। সংবিধানের আলোকে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও অনুশীলনের অধিকার রয়েছে। কোনো ধর্ম বা ধর্মীয় প্রতীকের অবমাননা মানবাধিকার ও সাংবিধানিক চেতনার পরিপন্থী।

স্মারকলিপিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষা, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে সকল ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করা জরুরি। এজন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।