প্রমি সেন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ওয়াসা এলাকার দামপাড়া মসজিদগলিস্থ বুড়াকালী মন্দিরে মা বুড়াকালীর বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিতব্য এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৮ জুন (রবিবার) বিকেল ৪টায় মায়ের আগমন ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। এদিন কীর্তন, আরতি, সাহস ঢাকি, সাদাম ঢাকি এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি থেকে শুরু হয়ে দামপাড়া মসজিদগলি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন হবে।

এরপর ২৯ জুন (সোমবার) সকালে মা বুড়াকালীর পূজা, বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা, যজ্ঞ ও বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন পুরোহিত নয়ন চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মীয় আচার সম্পন্ন করবেন পণ্ডিত শ্রী সুকান্ত চক্রবর্তী (ভোলা), শ্রী সাগর চক্রবর্তী, শ্রী বাপ্পা চক্রবর্তী, শ্রী অরূপ চক্রবর্তী বাবুল, শ্রী শান্ত চক্রবর্তী এবং শ্রী নিরব ভট্টাচার্য (সাগর)।

আয়োজকরা জানান, সনাতন ধর্মের ঐতিহ্য ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে। সকলকে যথাসময়ে উপস্থিত থেকে ধর্মীয় অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়েছে।