পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি মৃদুল হোসেন (২৪)। তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে দুর্বৃত্তরা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে মৃদুল হোসেনকে শনাক্ত করে। পরে শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া কিছু টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে গ্রেফতার মৃদুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.