ঠাকুরগাঁও সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় মূর্তিটি ভারতে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২৯ জুন) বিকেলে হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার কিশমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও এলাকার নাজমুল (৬৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসান আহাম্মদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার গোয়ালঘর থেকে দ্বিখণ্ডিত অবস্থায় একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। মূর্তির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.