সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে একটি মাছের ঘেরের সামনে থেকে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি সড়কের পাশে নিজস্ব মাছের ঘেরের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সনজিব সরকার ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।
নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন সনজিব। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শেষ রাতে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, সনজিবের মরদেহ তার নিজস্ব মাছের ঘেরের সামনে পড়ে রয়েছে।
গোপাল চন্দ্র সরকারের অভিযোগ, তার ছেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথাও হত্যা করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহটি মাছের ঘেরের সামনে ফেলে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.