চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মাতা স্ট্রোক করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে দীর্ঘদিনের মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে থাকা তার মা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কার্ডিয়াক বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি হওয়ার সময় তার হৃদ্যন্ত্র-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবারের দাবি, রাষ্ট্রদ্রোহ মামলায় ছেলের গ্রেপ্তারের পর থেকেই তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। কারাগারে থাকা ছেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ এবং একের পর এক জামিন আবেদন নাকচ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সর্বশেষ জামিন শুনানিকে ঘিরেও তার অনেক প্রত্যাশা ছিল। তবে প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় তিনি আরও ভীষণভাবে ভেঙে পড়েন। পরিবারের ভাষ্য, দীর্ঘদিনের এই মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার ধারাবাহিকতার মধ্যেই তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.