চ্যানেল ওম নিউজ ডেস্ক

ধর্মের নামে কোনো ধরনের সন্ত্রাসবাদকে বাংলাদেশ কখনোই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১ জুলাই) গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত নিহতদের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হলি আর্টিজান হামলা বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। ঘটনার এক দশক পেরিয়ে গেলেও সেই বিভীষিকা আজও জাতির স্মৃতিতে অম্লান। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। হলি আর্টিজান হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

স্মরণসভায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা, নিহতদের স্বজন এবং হামলা থেকে জীবিত ফিরে আসা কয়েকজন জিম্মি উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মোট ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, ১ জন ভারতের এবং পুলিশ সদস্যসহ ৩ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। এছাড়া একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও নিহত হন। এই নৃশংস হামলা আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছিল।