প্রথমবার ভারতের আসামে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি প্রথমবারের মতো ভারতের আসামে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজায় ব্যান্ডটি আধুনিক ধর্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
ধর্মীয় গানের সঙ্গে সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজস্ব একটি ধারা তৈরি করে ইতোমধ্যেই শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে টিম বৃষ্টি। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও সনাতনী সংগীতকে তুলে ধরার সুযোগ পাচ্ছে দলটি।
টিম বৃষ্টির প্রতিনিধি অমিত সাহা বলেন, “প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই আমাদের সংগীত, সংস্কৃতি ও ভালোবাসা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। সবার আশীর্বাদ ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে টিম বৃষ্টি তাদের পূর্ণাঙ্গ লাইনআপ নিয়ে অংশ নেবে। সদস্যরা হলেন— বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (ইউকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (ড্রামস ও অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), সুজন ঘোষ (বাঁশি), তন্ময় দত্ত (বেজ গিটার) এবং জয় দাস (পারকাশন)।
ধর্মীয় সংগীত, দেশজ সুর ও আধুনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে টিম বৃষ্টির এই পরিবেশনা দুই বাংলার দর্শকদের মধ্যে নতুন মাত্রার আগ্রহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.