আন্তর্জাতিক ডেস্ক

টানা ২৬ দিনের অনশন শেষে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক বৃহস্পতিবার রাতে গুরগাঁওয়ের মেডান্তা হাসপাতালে উপবাস ভঙ্গ করেন। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দুই মন্ত্রীর উপস্থিতিতে এক কাপ থেকে পানীয় পান করে অনশনের ইতি টানেন ওয়াংচুক। তাঁর পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি আংমোও।
অনশন ভাঙার পর ওয়াংচুক বলেন, “আজ আমি আমার উপবাস ভাঙতে পারছি—এ জন্য আমি কৃতজ্ঞ ও আনন্দিত। সবাইকে ধন্যবাদ।” স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “গীতাঞ্জলি সবসময় আমার পাশে থেকেছে, সে-ই আমার শক্তি। তোমাকে শুধু ধন্যবাদ নয়, আমার গভীর অনুভূতি প্রকাশ করতে চাই।”
উল্লেখ্য, গত ২৮ জুন অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তাঁর দাবির মধ্যে ছিল শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা। এসব দাবিতে তিনি যন্তর মন্তরে 'ককরোচ জনতা পার্টি'র আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

তথ্য ও চিত্র : আরএনএফ নিউজ