বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্রষ্টা অদৃশ্য হলেও তিনি তাঁর সমগ্র সৃষ্টির মধ্যে বিরাজমান। সৃষ্টিকে ভালোবাসা ও সৎকর্মের মধ্য দিয়েই ভগবানকে উপলব্ধি করা সম্ভব। তাঁরা আরও বলেন, যে ব্যক্তি নিজেকে সঠিকভাবে জানতে পারে, সেই প্রকৃত অর্থে ভগবানকে লাভ করতে সক্ষম হয়। তাই শ্রীমদ্ভগবদ্গীতায় জ্ঞানকে ক্ষয়হীন, চিরন্তন ও অবিনশ্বর হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বক্তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তারা আদর্শ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে বেড়ে উঠবে।

অনুষ্ঠানের শুরুতে ঝুমকা দে গীতা পাঠ করেন। বোয়ালখালী উপজেলা সভাপতি পোপন দাশের সঞ্চালনায় এবং হরি মন্দির গীতা শিক্ষালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্পাদকীয় মণ্ডলীর সদস্য সজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলার পৃষ্ঠপোষক ও গীতানুরাগী শংকর চৌধুরী।

সাংগঠনিক ও কাউন্সেলিং বক্তব্য প্রদান করেন বাগীশিক চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এবং বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শুক্ল দাশ। ভার্চুয়ালি বক্তব্য দেন বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য ও গীতানুরাগী বিপ্লব দাশ বাবু এবং বাগীশিক চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক সুমন কুমার দাশ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলার সহ-পৃষ্ঠপোষক প্রকাশ চৌধুরী, যুগ্ম সম্পাদক নিখিল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত, গবেষণা কমিটির সদস্য প্রভাষক সুব্রত চৌধুরী, পৌরসভার বিষু ঘোষ, ইউপি সদস্য পঙ্কজ চন্দ্র, সলীল চৌধুরী, শ্রীমান চক্রবর্তী, কড়লডেঙ্গা ইউনিয়ন সভাপতি উজ্জ্বল রায় চৌধুরী, পোপাদিয়া ইউনিয়নের অসীম ঘোষ, প্রবর্তক স্কুলের শিক্ষক দোলন চৌধুরী, গীতানুরাগী পার্থ, পম্পি শীলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বাগীশিক বোয়ালখালী উপজেলার সম্পাদকীয় মণ্ডলীর সদস্য ও গীতানুরাগী বাবুল বৈদ্যের পৃষ্ঠপোষকতায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করা হয়।

শেষে অভিভাবক ও অতিথিরা গীতা শিক্ষার প্রসার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।