চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে চুরি, ভাঙচুর এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পৃথক দুই ঘটনায় বর্তমান পরিচালনা কমিটির দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত আশ্রমে অনধিকার প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরে তারা আশ্রমের অফিসের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিভিন্ন মালামাল এবং ড্রয়ারে থাকা নগদ অর্থ নিয়ে যায়।

এ ঘটনার পর শুক্রবার বিকেলে আরেকটি ঘটনায় একদল ব্যক্তি আশ্রমে প্রবেশ করে পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অপচেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

বর্তমান পরিচালনা কমিটির নেতাদের দাবি, বিগত সরকারের আমলে দায়িত্বে থাকা পূর্ববর্তী কমিটির আর্থিক অনিয়ম ও হিসাব-নিকাশ নিয়ে চলমান বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, বহিষ্কৃত পক্ষের লোকজনই চুরি ও হামলার সঙ্গে জড়িত। এ বিষয়ে ওই পক্ষের দুই সেবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে তারা জানান।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন পূর্ববর্তী কমিটির বহিষ্কৃত দুই সেবক। তারা বর্তমান কমিটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও চুরি ও হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা নাকচ করেছেন।

ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির নেতারা। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার নাথ, সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক সবুজ মল্লিক, অর্থ সম্পাদক মোহন পাল এবং উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।