চ্যানেল ওম নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার, সাইবার বুলিং ও মানহানির অভিযোগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৬ জুলাই) ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের করা এ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

জিডিতে বিউটি রাণী পাল উল্লেখ করেন, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গান পরিবেশনের ভিডিওর একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, ‘আসিফ ইকবাল ইরন’ নামের একটি ফেসবুক আইডি এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ তার নাম ও ভিডিও ব্যবহার করে এমনভাবে পোস্ট ও সংবাদ প্রকাশ করেছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও ফেসবুক পেজ প্রাসঙ্গিক তথ্য ছাড়াই ভিডিওটি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিউটি রাণী পাল জিডিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগে উল্লেখিত ফেসবুক আইডিগুলো শনাক্ত করতে আইটি ফরেনসিকের সহায়তা নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ ও ‘ইব্রাহিম খলিল’ নামের আইডির কার্যক্রমও তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এ বিষয়ে তিনি গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছেন এবং ভিডিওটি এখনো দেখেননি। তার ভাষ্য, যদি ভিডিওটিতে কোনো অশ্লীলতা না থাকে, তাহলে শুধু গান গাওয়াকে তিনি অন্যায় মনে করেন না। তবে ভিডিও না দেখে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না।

উল্লেখ্য, ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শিক্ষক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিউটি রাণী পালের প্রতি প্রকাশ্যে সংহতি জানান।