চ্যানেল ওম নিউজ ডেস্ক

বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সন্তানদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আমুচিয়া ইউনিয়নে বাগীশিক বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পোপন দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুপন দাশের সঞ্চালনায় এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অদিতি চৌধুরীর উদ্বোধনী গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ। প্রধান বক্তা ছিলেন জেলার যুগ্ম সম্পাদক ও শিক্ষক সুমন কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল শুক্ল দাশ বলেন, “ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে কর্ম করার মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি সন্তানদের নৈতিকতা, মূল্যবোধ ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়নের সভাপতি অধীর দাশ, আমুচিয়া ইউনিয়নের সভাপতি প্রিয়তোষ, সিনিয়র সহ-সভাপতি শুভাশীষ চৌধুরী, শুভ চক্রবর্তী, বিজয় চৌধুরী, সুব্রত পাল, বাপ্পী দে প্রমুখ।

এ সময় বক্তারা শিশু-কিশোরদের মাঝে গীতা শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।